পটুয়াখালীর বাউফলে রূপালী ব্যাংকের কালিশুরী শাখার কোষাধ্যক্ষ মো. তাহমিন হাচান (৩২)কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কালিশুরীর একটি চায়ের দোকানের সামনে ঘটে। অভিযোগে বলা হয়েছে, কোষাধ্যক্ষ তাহমিন ও ওই শাখার আরেক অফিসার আল ইমরান দুইজন মিলে ব্যাংকের পাশের চায়ের দোকানে চা খেতে গেলে একই এলাকার মো. সাকিব (৩৫) ও ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাথাড়ি কুপিয়ে তাহমিনকে জখম করে।
চিৎকার শুনে আশেপাশের লোকজন ফিরে দেখার আগে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর সহকর্মিরা উদ্ধার করে তাকে বাউফল হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে চিকিৎসা চলছে। আহতের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।
প্রতিবেদন: আজকালের খবর/কাওছার

