ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শুধু রাজনীতি-বিতর্কের কেন্দ্রে পরিণত হয় না—এখানেই নিয়মিত হয়ে উঠেছে চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও। ভাষা আন্দোলনের চেতনা উদযাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক ছয় দিনের উৎসব, যা শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই উৎসবে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য মোট ২৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। অনুষ্ঠানসূচি প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় বিভিন্ন সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
উৎসবের উদ্বোধন হবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় আহমেদ হাসান সানির পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে। ছবিতে নূর নামের এক প্রবাসী বাংলাদেশির ভূমিকায় আছেন ইমতিয়াজ বর্ষণ।
৪ ফেব্রুয়ারি (দ্বিতীয় দিন) সকাল ১০টায় শুরু হবে সুনীল বন্দ্যোপাধ্যের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’, বিকাল ৩:৩০টায় প্রদর্শিত হবে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং সন্ধ্যা ৬:৩০টায় দর্শক দেখবেন রায়হান রাফীর ‘তাণ্ডব’।
৫ ফেব্রুয়ারি (তৃতীয় দিন) সকাল ১০টায় শুরু হবে সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’। এরপর দুপুর সাড়ে ১২টায় ‘দ্য লাস্ট ঠাকুর’ (পরিচালনা: সাদিক আহমেদ), বেলা ৩:৩০টায় পিপলু আর খান নির্মিত ‘জয়া আর শারমিন’ এবং সন্ধ্যা ৬:৩০টায় মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রদর্শিত হবে।
৬ ফেব্রুয়ারি (চতুর্থ দিন) সকাল ১০টায় দেখানো হবে হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’, দুপুর ১২:৩০টায় প্রর্দশিত হবে জনপ্রিয় ছবি ‘বেদের মেয়ে জোসনা’, বিকাল ৩:৩০টায় মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ এবং সন্ধ্যা ৬:৩০টায় প্রেক্ষাগৃহে উঠে আসবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।
৭ ফেব্রুয়ারি (পঞ্চম দিন) তালিকায় রয়েছে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ‘উৎসব’।
৮ ফেব্রুয়ারি (সমাপনী দিনে) প্রদর্শিত হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’, এরপর কাজী হায়াতের ‘ধর’। বিকেল সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য — মাহফুজ সরকারের ‘মায়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।
উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।
ভাষার প্রতি শ্রদ্ধা ও চলচ্চিত্রের মাধ্যমে ঐতিহ্য ও সংগঠনের মিলন ঘটাতে এই আয়োজনকে কেন্দ্র করে টিএসসি-র পরিবেশও সাংস্কৃতিকভাবে প্রাণবন্ত হবে বলে আয়োজকরা জানান।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ
আজকালের খবর/আতে

