উৎসবমুখর পরিবেশে গত শনিবার, ৩১ জানুয়ারি ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত এক দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। রাজধানীর পূর্বাচলের পাশে বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ক্রীড়া আয়োজনে ক্লাবের বিভিন্ন ব্যাচের সদস্যরা অংশ নেন এবং খেলায় জমজমাট মহরৎ সৃষ্টি হয়।
এনআরবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং নটরডেম কলেজ ২০০২ ব্যাচের সক্রিয় সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টে মোট ২৮টি দলে ভাগ হয়ে ৫৬ জন খেলোয়াড় ডাবলস ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করেন। শুরু থেকেই খেলায় ছিল তীব্র লড়াই ও উত্তেজনা, দর্শক ও অংশগ্রহণকারীরাও খেলা উপভোগ করেন।
চূড়ান্ত পর্বের ম্যাচে জোড়া খেলা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ’৯৪ ব্যাচের মোহাম্মদ আবু নাদের আল মোকাদ্দেস ও মোহাম্মদ মামুনুর রশীদ। রানার্স-আপ হন ’৯৬ ব্যাচের মোহাম্মদ সাদিকুর রহমান ও ’৯৭ ব্যাচের মোহাম্মদ শফিকুল ইসলাম অন্তু।
প্রতিযোগিতা সকাল ১১টায় ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নটরডেমিয়ানদের এই মিলন আমাদের বন্ধনকে আরও শক্ত করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মোঃ তৌফিকুল আলম চৌধুরী, ক্লাবের ইসি (স্পোর্টস) আবু সালেহ মোঃ সায়েম এবং ইসি সদস্যদের মধ্যে আরিফ চৌধুরী, কাজি মোঃ মাহাবুবুল হক ও মল্লিক নজরুল ইসলাম ছাড়াও ক্লাবের অন্যান্য অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ।
ক্লাব কর্তৃপক্ষ সফল ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা জানান, ভবিষ্যতেও আরও বড় আকারে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আজকালের খবর/বিএস

