চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই মন্তব্য করেন।
পোস্টে তিনি শুরুতেই লেখেন, “প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে; সবাই অপেক্ষায় থাকত টাইগারদের মাঠের লড়াই ও বিজয় উদযাপনের জন্য।”
তবে দুঃখ প্রকাশ করে ডা. শফিকুর লিখেছেন, আন্তর্জাতিক এ মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ থাকা সত্ত্বেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। তার বক্তব্য, “আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্তগুলো থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে।”
ক্রিকেটারদের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপস করা হবে না। কোনো আধিপত্যবাদী শক্তির সামনে হার মানতে পারি না।” তিনি আশ্বাস দেন যে, ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে মর্যাদার সঙ্গে ফিরে আসবে—“দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”
ডা. শফিকুর আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ মাথা উঁচু করে, গর্ব ও সম্মানের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সূত্র: আজকালের খবর/বিএস

