সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ-জামান বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। দীর্ঘ দেড় বছর ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আজ একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজস্ব ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সারাদেশে সকাল থেকেই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে চলছে।
জেনারেল ওয়াকারউজ-জামান ভোটারদের কেন্দ্রে নির্ভয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে পোলিং স্টেশনে যান এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
নির্বাচনকালীন সময়ে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, মিডিয়ার কর্মীরা গুরুত্বপূর্ণ কাজ করছেন। তারা সারাদেশের পরিস্থিতি জনসাধারণের কাছে তুলে ধরছেন, যা সাধারণ মানুষকে আশ্বস্ত করছে এবং ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করছে।
অন্তর্বর্তীভাবে তিনি সকলের সুস্থতা ও সুস্থ জীবন কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, আমরা একসাথে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।

