বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের অশোভন ও নেতিবাচক সংস্কৃতি থেকে মুক্তি চায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যত সংসদ অধিবেশনগুলো দেখে জাতি একদম আশ্বস্ত হবে। এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন, যেখানে সঠিকভাবেই গণতন্ত্রের চর্চা হবে এবং নেতিবাচকতা দূর হয়ে যাবে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস এবং কনভেনশন অব দ্য হাউস বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশের সংসদে যেসব রীতিনীতি ও প্রক্রিয়া চালু থাকে, সেসব বিষয়ও তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের উন্নত মানের সংসদ দেখলে সাধারণ মানুষও গর্ব অনুভব করবেন।
সালাহউদ্দিন আরো বলেন, নতুন সংসদ সদস্যরা শিখে যাবেন, তারা ইতিবাচকভাবে কাজ করবেন। যারা নতুনভাবে সংসদে এসেছেন, তাদের মধ্যে নেতিবাচক সংস্কৃতি থাকলে তা দূর করতে চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। একজন শিশু যেমন সতেজ ও পজিটিভ সংস্কৃতি শিখে বড় হয়, ঠিক সেইভাবেই নবীন সংসদ সদস্যদের জন্যও ইতিবাচক শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন—এমন লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রথমবার নির্বাচিত বিএনপি সদস্যদের জন্য সংসদ কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচার-আচরণের উপর এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলমান। এর শেষ দিনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুরের সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনেও থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে লক্ষ্য করে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা এমপিদের দায়িত্ববোধ, সংসদীয় প্রক্রিয়া ও মন্ত্রণালয় পরিচালনার কৌশল শেখানোর মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
