ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, “পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা একা নই — আমাদের সঙ্গে আল্লাহ আছে, দেশপ্রেমিক মানুষ আছে, ইসলামপ্রেমীরা আছেন।”
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনের পার্থক্য তুলে ধরে বলেন, স্থানীয় নির্বাচন হলে বিচার্য থাকে কে অঞ্চলের কল্যাণ করবে; আর জাতীয় নির্বাচনে যাদের নির্বাচিত করা হয় তারা দেশব্যাপী আইন তৈরি ও নীতি নির্ধারণ করে। তাই জাতীয় নির্বাচনে দলের আদর্শ ও নীতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়।
পীর বলেন, পুরোনো রাজনৈতিক দল বা কোনো জোটের অতীত দেখে কেবল ভোট দেওয়া হলে দেশ শান্তি ফিরে পাবে না; বরং সিদ্ধান্তে আদর্শ ও নীতিভিত্তিক প্রয়োজনে গুরুত্ব দিতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকার। এ সময় প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান।
অন্যান্য বক্তারা ছিলেন জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান, আবুল কালাম আজাদ প্রমুখ।
চরমোনাই পীর সমর্থনস্বরূপ নজরুল ইসলামের হাতে প্রতীকী ‘হাত-পাখা’ তুলে দেন এবং শান্তির প্রতীক হিসেবে ভোট দিলে হাত-পাখার মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
আজকের খবর/বিএস

