চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এবার পরিকল্পিতভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বঞ্চিত করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি শুরুতেই লিখেছেন, “প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুগণ, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। সাধারণত এমন দিনে আমরা টিভির সামনে বসে টাইগারদের লড়াই ও জয়ের উচ্ছ্বাস দেখার জন্য অপেক্ষা করতাম। কিন্তু দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের থাকা সম্ভব হয়নি।”
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অংশগ্রহণ থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে এবং এতে দেশের প্রতি অবমাননার ছোঁয়া রয়েছে। ক্রিকেটারদেরও অপমানিত করা হয়েছে—এমন মনোভাব ব্যক্ত করে তিনি খেলোয়াড়দের প্রতি সমবেদনা জানান।
ডা. শফিকুর বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি আপনাদের সঙ্গে সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্ন নিয়ে কোনো আপস করা হবে না। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে হার মানব না।” তিনি নিশ্চিত করেছেন, ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে ফিরিয়ে আনা হবে, ইনশাআল্লাহ।
শেষে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ দ্রুতই আন্তর্জাতিক টুর্নামেন্টে মাথা উঁচু করে এবং গর্ব, শক্তি ও সম্মান নিয়ে মাঠে ফিরে আসবে।
আজকের খবর/বিএস

