টিএসসি শুধু বিতর্ক ও রাজনীতির ক্ষেত্র নয়—এখানেই নিয়মিতভাবে সাংস্কৃতিক আয়োজনও হয়ে আসছে। ভাষা আন্দোলনের চেতনায় ঢাকাই চলচ্চিত্র ও স্মৃতিকে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব, যা শুরু হবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি।
ছয় দিনব্যাপী এই উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এতে প্রদর্শিত হবে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
প্রথম দিন (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে আহমেদ হাসান সানির পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। ছবিতে নূর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
দ্বিতীয় দিন (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেখানো হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’। দুপুর সাড়ে ১২টায় পর্দায় উঠবে আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’। বিকাল ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন রায়হান রাফীর ‘তাণ্ডব’।
তৃতীয় দিন (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্ক্রিনে আসছে সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’। দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’। বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকবে মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
চতুর্থ দিন (৬ ফেব্রুয়ারি) সকালে ১০টায় দেখানো হবে হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’। দুপুর ১২টা ৩০ মিনিটে পর্দায় উঠবে জনপ্রিয় চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’। বিকাল ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্ক্রিনে আসবে কামার আহমাদ সাইমনের নাটকীয় ‘অন্যদিন’।
পঞ্চম দিন (৭ ফেব্রুয়ারি) উপস্থাপন করা হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।
উৎসবের সমাপনী দিনে (৮ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’, এরপর কাজী হায়াতের ‘ধর’। বিকাল সাড়ে তিনটায় তিনটি স্বল্পদৈর্ঘ্য—মাহফুজ সরকারের ‘মায়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’ প্রদর্শিত হবে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।
উৎসব সম্পর্কে বিস্তারিত ও সময়সূচি টিএসসির ফলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
সূত্র: আজকালের খবর/আতে
