ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবারও শুধু রাজনীতি ও বিতর্কের কেন্দ্রবিন্দু নয়—এখানকার সাংস্কৃতিক রঙও মনযোগ আকর্ষণ করছে। ভাষা আন্দোলনের চেতনায় আয়োজিত ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক উৎসব শুরু হচ্ছে আগামীকাল, ৩ ফেব্রুয়ারি এবং চলবে ছয় দিন, শেষ হবে ৮ ফেব্রুয়ারি।
উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবারের প্রোগ্রামে থাকছে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
উদ্বোধনী রাত্রে (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আহমেদ হাসান সানির ছবিটি—‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এতে প্রকাশ্য জীবনে জাতীয় পরিচয় ও বাস্তবতার সন্ধানে থাকা এক প্রবাসী বাংলাদেশি নূরের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে সকাল ১০টায় দেখানো হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেওয়া’, দুপুর সাড়ে ১২টায় আলমগীর কবীরের চলচ্চিত্র ‘সূর্যকন্যা’, বিকাল ৩টা ৩০ মিনিটে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রায়হান রাফীর ‘তাণ্ডব’।
৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনে সকাল ১০টায় প্রদর্শিত হবে সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’। দুপুর সাড়ে ১২টায় দেখা যাবে সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, বেলা ৩টা ৩০ মিনিটে থাকবে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
চতুর্থ দিনে সকাল ১০টায় স্ক্রিনে উঠবে হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’, দুপুর ১২টা ৩০ মিনিটে জনপ্রিয় চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’, বেলা ৩টা ৩০ মিনিটে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ দেখানো হবে।
৭ ফেব্রুয়ারি, উৎসবের পঞ্চম দিনে সারাদিন প্রদর্শিত হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ‘উৎসব’।
উৎসবের সমাপনী দিনে (৮ ফেব্রুয়ারি) দেখানো হবে তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে থাকবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ এবং এরপর কাজী হায়াতের ‘ধর’। বিকালে সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য—মাহফুজ সরকারের ‘মায়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।
উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে স্ক্রিনে উঠবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।
সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য টিএসসি এবারও প্রাণবন্ত এক মিলনক্ষেত্র হয়ে উঠবে। উৎসব সম্পর্কিত আরও তথ্য পাওয়া যাবে আয়োজকের নিকট থেকে।
(সূত্র: আজকালের খবর/আতে)

