ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আগামী হজ মৌসুমে হজযাত্রীদের আর্থিক বোঝা কমাতে সম্ভাব্য সব দিক বিবেচনা করে কার্যকর পরিকল্পনা নেওয়া হবে। তিনি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী আরও জানান, এই বছর হজের সব ধরনের প্রসেস সম্পন্ন হয়েছে এবং এখন আমাদের লক্ষ্য হলো আগামী হজ থেকে খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তার ভাষায়, আমরা যতটা সম্ভব সাশ্রয়ী করে হজের খরচ কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাব।
তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা এই কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণের সেবায় আত্মনিয়োগ করা। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সবসময়ই সংবাদমাধ্যমের সহযোেগিতা পেয়ে আসে এসব কাজে।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হাবিবসহ অন্যান্য সদস্যরা।
আজকের খবর

