তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ঘোষণা করেছেন যে, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘জনগণের কাছে অবাধ ও সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও অংশীজনের মতামত অনুযায়ী জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা আরও শক্তিশালী করা হবে।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘আধুনিক প্রযুক্তিপ্রভাৱিত বিশ্ব ব্যবস্থায় ও ইকো সিস্টেমে নতুন গণমাধ্যমের সাথে আমাদের দ্রুত খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। তবে এখনো পুরোপুরি এর সাথে সমন্বয় করা সম্ভব হয়নি। আমাদের লক্ষ্য, গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। যখন আমার মন্ত্রণালয় গড়ে উঠেছিল, তখন তথ্য প্রযুক্তির ব্যবহার খুবই কম ছিল। এখনকার তথ্য-প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের ব্যাপক প্রসার হলেও এর সঙ্গে সামঞ্জস্য অনেক সময় আসেনি। এর ফলে সমন্বয় ও আধুনিকায়ন নিয়ে আমাদের একটু সময় লেগেছে।’
সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য বা বিভেদ সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে আমি এখনো পুরোপুরি অবহিত নই। বিষয়টি দ্রুত জানার জন্য আমি জেলা প্রশাসক এবং আইনমন্ত্রীর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব।’
এদিকে, অনুষ্ঠানের এক অংশে তথ্যমন্ত্রী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিআরটিএর বরাদ্দকৃত চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
