আন্তর্জাতিক উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও প্রযুক্তি নির্ভর সমস্যার সমাধানে তরুণদের আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ থেকে ১০টি শিক্ষার্থী দল আজ বুধবার (১৩ মে) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রওনা দিচ্ছে। এই প্রতিযোগিতা চালু হবে আগামী ১৬ এবং ১৭ মে, যেখানে আন্তর্জাতিক মানের বড় এক অলিম্পিয়াডের আয়োজন রয়েছে। এটি অনুষ্ঠিত হবে জাকার্তার বিনুস ইউনিভার্সিটিতে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা অংশ নেবেন।
‘কোডেভার ৭.০’ প্রতিযোগিতা তরুণ উদ্ভাবক, প্রযুক্তি নির্মাতা ও সমস্যা সমাধানকারী ছাত্রদের জন্য একটি বিশ্বমানের প্ল্যাটফর্ম। এই প্রতিযোগিতায় স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা তাঁদের বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান প্রযুক্তিগত পদ্ধতিতে উপস্থাপন করে থাকেন। যা প্রযুক্তি ও সৃজনশীলতার এক মিলিত প্রদর্শনী।
প্রতিযোগিতার মূল ভিত্তি হলো জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, স্মার্ট সিটি, প্রতিবন্ধী সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা সমাধানে নতুন প্রযুক্তিগত উদ্যোগ উপস্থাপন করবেন।
অতীতের বছরগুলোতে, কোডেভার প্রতিযোগিতা ব্যাপক সাফল্য লাভ করে। বিশ্বের ৭০টিরও বেশি দেশে এর কার্যক্রম ছড়িয়ে পড়ে। এতে অংশ নেয় প্রায় ৭ হাজার ৭১৩ জন স্টুডেন্ট এবং ১ হাজার ৩০০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও, মোট ৭০০ ঘণ্টার বেশি প্রশিক্ষণ সেশন পরিচালিত হয় এবং ৩৬টি সরাসরি আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় নির্মিত ৬০০’র বেশি সামাজিক উদ্ভাবনী প্রকল্প বিশ্বজুড়ে উপস্থাপন করা হয়, যা তরুণদের সৃজনশীলতা ও প্রযুক্তিপ্রেমের অন্যতম দৃষ্টান্ত।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ৮টি দল ট্র্যাক-১ এ ও ২টি দল ট্র্যাক-৩ এ প্রতিযোগিতা করবে। দলগুলো জাতীয় পর্যায়ে বুটক্যাম্প, মূল্যায়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় চূড়ান্ত রূপ পেয়েছে।
বাংলাদেশে কোডেভার কার্যক্রম পরিচালনায় অন্যতম দায়িত্ব পালন করে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সায়েন্স ক্লাব। সংগঠনটি দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান, গবেষণা, রোবোটিক্স ও প্রযুক্তিশিক্ষায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার তারা এই আন্তর্জাতিক প্রতিযোগিতার বাংলাদেশ কান্ট্রি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে। আগামী দিনগুলোতে এই সংগঠন তরুণ প্রজন্মকে আরও আধুনিক ও উদ্ভাবনী পর্যায়ে নিয়ে যেতে কাজ করে যাবে।
আজকের খবর / এমকে
