স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেছেন, আধুনিক বাংলাদেশের নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য সঠিক তথ্য ও জ্ঞান ব্যাবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও ব্যাখ্যা করেন, এলজিইডি দেশের গ্রামীণ এবং শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রযুক্তি হিসেবে ক্রিলিকের তৈরি ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস)’ দেশের প্রকৌশলী, গবেষক এবং নীতিনির্ধারকদের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মো. বেলাল হোসেন গতকাল এলজিইডি সদর দপ্তরে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ বিষয়টি তুলে ধরেন। এই কর্মশালা ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতায় ক্রিলিকের উদ্যোগে ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ এর সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) এবং সফটওয়্যার অ্যানালাইসিস ও ডিজাইন (এসএডি) বিষয়ক আয়োজনের অংশ। অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, সঠিক অ্যানালাইসিস ও নিখুঁত ডিজাইনের মাধ্যমে কোনও সফটওয়্যার বা সিস্টেম টেকসই ও কার্যকর হয়। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই কর্মশালা পরিচালিত এসআরএস ও এসএডি চূড়ান্ত হলে ভবিষ্যতে শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. আজহারুল ইসলাম আরও উল্লেখ করেন, ক্রিলিকের এই উদ্যোগ এলজিইডির সক্ষমতা বৃদ্ধিতে ও দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক হবে। কর্মশালায় অ্যাডি সফট লিমিটেডের ডেভেলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম ও প্রজেক্ট পরিচালক মো. নিয়ামত উল্লাহ তাদের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
